দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিতে তাঁর কোলে সদ্যজাত একটি শিশুকে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে পরীমনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
এরপর থেকেই ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পরীমনি তৃতীয় সন্তানের মা হয়েছেন কি না, নাকি নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন—এমন প্রশ্ন উঠছে নেটিজেনদের মধ্যে। তবে শিশুটির পরিচয় বা ছবির প্রেক্ষাপট সম্পর্কে পরীমনির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা তাঁর ভক্তদের অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তাঁর আগ্রহের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন এই অভিনেত্রী।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালে পরীমনির ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করছেন তিনি। এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমনি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি। অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেন তিনি। সামাজিক মাধ্যমেও সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
সোমবার প্রকাশ করা ছবিতে গাড়ির ভেতর রোদচশমা পরা অবস্থায় পরীমনিকে দেখা যায়। তাঁর কোলে থাকা শিশুটিকে ঘিরেই মূলত নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাঁকে অভিনন্দন জানান এবং শিশুটির পরিচয় জানতে নানা প্রশ্ন করেন।
শিশুটির পরিচয় এবং ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের বিষয়ে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে কেউ কেউ ধারণা করছেন, তিনি হয়তো নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, শিশুটি তাঁর পরিচিত কারও সন্তান হতে পারে। তবে এসবের কোনোটি এখনো নিশ্চিত নয়।
এমএম/